

ময়মনসিংহে বিডিজবস আয়োজিত চাকরি ও ক্যারিয়ার মেলায় চাকরি প্রার্থীদের উপচে পড়া ভিড়
ময়মনসিংহ থেকে মিঠুন দত্তঃ
জনপ্রিয় অনলাইন চাকরি প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম-এর আয়োজনে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিশাল চাকরি ও ক্যারিয়ার মেলা।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ ইং) সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় দেশের নামী-দামী জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এখানে প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক নিয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়া অনলাইনের ঝামেলা ছাড়াই মেলায় সহজ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের কর্মজীবন গঠনে সহায়তা করতে এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি সংযোগ স্থাপন করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
এক স্থানে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ তথ্য জানা ও সরাসরি আবেদন করার সুযোগ থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা গেছে।
দিনব্যাপী এই মেলা চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনো মেলায় উপস্থিত হননি, তাদের দ্রুত মেলায় এসে নিজেদের ক্যারিয়ারের সম্ভাবনা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :