
এতিম জান্নাতীর চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
‘পাঁচ মাস ধরে বিছানায় পড়ে আছি, আমার বাবা-মা কেউ নেই’—শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর। বিষয়টি জানার পর তিনি এতিম জান্নাতীর চিকিৎসার খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের উদ্যোগে সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এ চিকিৎসাধীন জান্নাতীর খোঁজ নিতে যায়।
এ সময় প্রতিনিধি দলটি জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, মেরুদণ্ডের স্নায়ুতে গুরুতর আঘাতজনিত সমস্যায় জান্নাতীর শরীরের বেশিরভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে সহায়তার আবেদন জানান জান্নাতী। সেই ভিডিওটি তারেক রহমান-এর নজরে এলে তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল সাভারের সিআরপিতে গিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করে।
আপনার মতামত লিখুন :