
লাখো মানুষের ঢল জানাজায়
একই কবরস্থানে দাফন ৯ জন
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
মোংলা–খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ৯ জনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। তাদের জানাজায় লাখো মানুষের ঢল নামে। শোকাহত স্বজনদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীসহ দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা জানাজার নামাজে অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে নিহতদের মধ্যে চারজনকে খুলনার কয়রা উপজেলায় দাফন করা হয়েছে। মাইক্রোবাস চালক নাইমের মরদেহ দাফন করা হয় বাগেরহাটের রামপাল উপজেলায়।
জানা গেছে, বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস মোংলা–খুলনা মহাসড়কের বেলাই সেতু এলাকায় পৌঁছালে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
আপনার মতামত লিখুন :