
জিয়ার স্মৃতি বিজড়িত তিলকখালি খাল খনন উদ্বোধন করেছেন ডাঃ আনোয়ারুল হক এমপি
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনা সদর উপজেলার ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় খালটি খনন করা হচ্ছে। খালটির দৈর্ঘ্য ৪,০২০ মিটার এবং প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট **জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খনন কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। তিনি জানান, খাল খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হবে, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আনোয়ারুল হক এমপিকে অনুসরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা কোদাল ও টুকরি নিয়ে মাটি কাটার কাজ করেন। খাল খননের বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আর.এস.জেড. কনস্ট্রাকশন, পূর্বধলা, নেত্রকোনা।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, খাল খনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবলীগ নেতা সাহাবুদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী সহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু।
উল্লেখ্য, বিএনপির প্রথম সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির আওতায় তিলকখালি খাল খনন উদ্বোধন করেছিলেন।
খাল খনন সম্পন্ন হলে এটি জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মতামত লিখুন :