
ইউনূস সরকারের বিদায় কবে, জানালেন প্রেস সচিব শফিকুল
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ সম্পন্ন হলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এবং তা কোনো অবস্থাতেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর পর্যন্ত গড়াবে না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা করেনি। ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার’ বিষয়ে যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি। সরকারের লক্ষ্য একটাই—যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব তুলে দেওয়া।
অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম তুলে ধরে শফিকুল আলম জানান, এই সময়ে ৬৮টি উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনী পরিবেশ আগের নির্বাচনগুলোর তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি আশা প্রকাশ করেন, জনগণ অন্তর্বর্তী সরকারের সময়কালের কার্যক্রম ও উদ্যোগগুলো ইতিবাচকভাবে মূল্যায়ন করবে।
আপনার মতামত লিখুন :