

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত: ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হবে
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জানানো হয়, আগামী শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি।
দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষার সব প্রস্তুতি এবং পূর্বঘোষিত নির্দেশনা বহাল থাকবে।
আপনার মতামত লিখুন :