

প্রতীকী ছবি:
কানাডায় সন্তানদের পাঠানোর আগে-পরে অভিভাবকদের প্রতি গোলাম কবীরের আহ্বান
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় পাড়ি জমানো শিক্ষার্থীদের বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব গোলাম কবীর। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন—সন্তানদের বিদেশে পাঠানোর আগে ও পরে যেন তাঁরা তাঁদের যথাযথ খোঁজখবর রাখেন।
গোলাম কবীর বলেন,
“সন্তানকে কানাডায় পাঠানোর আগে তাঁদেরকে সে দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, জলবায়ু, আইন-কানুন এবং সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিন। কানাডায় এসে যেন তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন, সেই প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন,
“সন্তান বিদেশে পৌঁছানোর পর প্রতিদিন তাঁদের সঙ্গে কথা বলুন, মনিটর করুন—তারা কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিশছেন। পড়াশোনা নিয়ে কোনো চ্যালেঞ্জ বা মানসিক চাপ আছে কি না, তা জানার চেষ্টা করুন। এসব বিষয় উপেক্ষা করলে সন্তান মানসিকভাবে ভেঙে পড়তে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। এতে বড় আশা করে পাঠানো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, প্রবাসে থাকা কোনো বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়কে দায়িত্ব দিয়ে রাখা উচিত, যেন তিনি নিয়মিতভাবে সন্তানের খবরাখবর নিয়ে আপনাকে অবহিত করতে পারেন।
প্রবাসী গোলাম কবীর তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই বার্তাটি দেন।
উল্লেখ্য, কানাডায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গড়ে ওঠা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন এবং কমিউনিটির মধ্যে একজন পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।
এই বক্তব্যটি অভিভাবকদের জন্য একটি সময়োপযোগী সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে প্রবাসজীবনে তাঁদের প্রতি ঘনিষ্ঠ নজরদারি ও মানসিক সহায়তা অপরিহার্য।
আপনার মতামত লিখুন :