
আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাহিনী
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির ভাষ্য, তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন ও লজিস্টিক সহায়তা বাড়াতে অর্থ ব্যয় করা বেশি জরুরি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ২০০৩–২০০৪ সালে দীর্ঘ যাচাই–বাছাই শেষে পুলিশের বর্তমান পোশাক নির্ধারণ করা হয়েছিল। সে সময় আবহাওয়া, দায়িত্ব পালনের ধরন, সহজে চিহ্নিত করার সুবিধা এবং অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয়গুলো গুরুত্ব পায়।
তাদের দাবি, নতুন যে পোশাক নির্বাচন করা হয়েছে, তা কয়েকটি সংস্থার ইউনিফর্মের সঙ্গে মিল রয়েছে। এতে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
অ্যাসোসিয়েশন আরও বলছে, বাহিনীর বেশিরভাগ সদস্য এই পরিবর্তনের পক্ষে নন। তাদের মতে, বর্তমান পোশাক বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনেও এই পোশাক পরেই দায়িত্ব পালন করেছেন সদস্যরা।
সংগঠনটির মত, পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন ইউনিফর্ম তৈরির বদলে থানা পর্যায়ে যানবাহন সরবরাহ, আধুনিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা বাড়ানো বেশি প্রয়োজন।
সবশেষে তারা বলেছে, রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মনোবল ও পেশাদারিত্ব বৃদ্ধিই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই বাস্তবতা ও জনমতের ভিত্তিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :