
নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য নগর পরিক্রমা
নেত্রবাংলা প্রতিনিধি | শংকর চন্দ্র সরকার
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ সনাতনী সমাজের উদ্যোগে দিনটি উদযাপিত হয়।
রবিবার সকালে শ্রী শ্রী ঠাকুর বর্ষস্মরণ দিবস উপলক্ষে নেত্রকোনা সনাতনী সমাজ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে উকিলপাড়া ছোট বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। ঢাক, ঢোল ও শঙ্খধ্বনিতে মুখরিত এই নগর পরিক্রমা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দির সংলগ্ন সভাস্থল মাঠে এসে শেষ হয়।
সদর উপজেলার বারটি ইউনিট ও একটি পৌরসভাসহ মোট তেরটি ইউনিটের ভক্তবৃন্দ আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। “জয় শ্রী শ্রী অনুকূল” স্লোগানে স্লোগানে উকিলপাড়া এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও ধর্মীয় আবহ।
মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার সভাপতি বাবু সতেন্দ্র পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক।
অনুষ্ঠানে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জীবন, দর্শন ও মানবকল্যাণমূলক আদর্শ নিয়ে আলোচনা করা হয়। শেষে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ কামনার মধ্য দিয়ে নগর পরিক্রমা ও বর্ষস্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :