
ভোটের গাড়ি এখন নেত্রকোনায়
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
দেশজুড়ে চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি পৌঁছেছে নেত্রকোনায়। শুক্রবার সদর উপজেলায় এ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল ১১টা ৩০ মিনিটে মোক্তারপাড়া মাঠে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে বাইপাস মোড়ে এবং আগামী ২৪ জানুয়ারি বিকাল ৪টায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এলাকায় ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।
সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচন ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ বার্তা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ ডিসেম্বর থেকে এসব ভোটের গাড়ি সারা দেশ ঘুরে প্রচারণা চালাচ্ছে। নির্বাচন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রচারণার অংশ হিসেবে প্রদর্শন করা হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র। পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বার্তাও তুলে ধরা হচ্ছে।
এদিকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাধারণ জনগণকে এ প্রচারণা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :