

নেত্রকোনায় নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সাধারণ মানুষের ভোগান্তি, উন্নয়নের অগ্রাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন-
“গণমাধ্যম সমাজের দর্পণ, উন্নয়ন অগ্রযাত্রার সহযাত্রী। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আস্থার মাধ্যমেই একটি উন্নত ও কল্যাণমুখী নেত্রকোণা জেলা গড়ে তোলা সম্ভব।”
তিঁনি আরও বলেন, জেলা প্রশাসন সর্বদা সংবাদকর্মীদের পাশে থাকবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি হবে। সাংবাদিকরা ন্যায়সঙ্গত কাজে যেকোনো সময় তাঁর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
সভায় নেত্রকোনার বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকসহ নবীন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :