• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৬

নেত্রকোনায় ছাত্রলীগ নেতা ছেলেকে ত্যাজ্য নোটারী পাবলিকে লিখিত ঘোষণা পিতার

অনলাইন ডেস্ক
  • নেত্রকোনায় ছাত্রলীগ নেতা ছেলেকে ত্যাজ্য নোটারী পাবলিকে লিখিত ঘোষণা পিতার

  • নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
  • নেত্রকোনায় জেলা ছাত্রলীগের এক নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার পিতা। এ বিষয়ে আদালতের মাধ্যমে নোটারী পাবলিকে লিখিত ঘোষণা দেওয়া হয়েছে।
  • মঙ্গলবার নেত্রকোনা আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে সদর উপজেলার বাসিন্দা মীর আব্দুল খালেক তার ছেলে মীর মো. জাহিদুর রহমান ছোটনকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। ছোটন জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
    বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে নোটারী নথির কপি প্রকাশ করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন ছোটন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
    নোটারী নথিতে মীর আব্দুল খালেক উল্লেখ করেন, তার ছেলে কৈশোরকাল থেকেই পারিবারিক নীতিমালা থেকে বিচ্যুত হয়ে ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় রাজনীতিতে যুক্ত। তিনি আরও উল্লেখ করেন, তার পরিবার ও আত্মীয়স্বজনের অধিকাংশ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন করেন। রাজনৈতিক মতবিরোধ ও বিভিন্ন বিষয়ে অসদাচরণের কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে তিক্ততা চলছিল।
    নথিতে আরও বলা হয়, তার ছেলে যেহেতু একজন প্রাপ্তবয়স্ক নাগরিক, তাই সে নিজের মতাদর্শ অনুযায়ী চলতে পারে। তবে তার কোনো কর্মকাণ্ডের দায় তিনি বা তার পরিবার বহন করবেন না। এসব কারণেই তার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয়েছে।
    এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর ছোটনের শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করেন। অনেকেই তার দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
    ফেসবুক স্ট্যাটাসে ছোটন লিখেছেন, “বছরের পর বছর আমার সঙ্গে ঘটে যাওয়া অনেক ঘটনা আমি গোপন রাখতে চেয়েছি। তবুও সেগুলো কোনো না কোনোভাবে প্রকাশ পেয়েছে। আজ আমি ক্লান্ত। তবে বাংলাদেশ ছাত্রলীগের একজন সেরা কর্মী হওয়ার যাত্রায় আমি ক্লান্ত হব না, ইনশাআল্লাহ।”
    স্ট্যাটাসের শেষাংশে তিনি কবি কাজী নজরুল ইসলামের একটি পঙ্‌ক্তিও উদ্ধৃত করেন-
    “মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেইদিন হব শান্ত,
    যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।”

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর