

৪০ কেজির মণে ৪৩ কেজি ধান নেওয়া চলবে না:
নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
কৃষকের ধান কেনাবেচায় অনিয়মের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “৪০ কেজির মণে ৪৩ কেজি ধান মেপে নিয়ে ৪০ কেজির দাম দেওয়া অন্যায়। এ ধরনের কারসাজি বন্ধ করতে হবে। এটি মেনে নেওয়া হবে না।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিস্থিতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা হয়।
এর আগে সকাল ১১টা ৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন তিনি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন জনগণের ভোটে গঠিত সরকার না থাকায় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে জবাবদিহিতা দুর্বল হয়েছিল। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ উল্লেখ করে তিনি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে এবং ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অসংখ্য তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সেই ত্যাগের মর্যাদা রাখতে হলে প্রশাসনকে সৎ ও জবাবদিহিমূলক হতে হবে।
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, এলজিইডির আওতায় জেলার প্রায় ৮০ শতাংশ রাস্তা এখনো কাঁচা বা অনুন্নত। দুর্গাপুরে একটি মডেল মসজিদের প্রবেশপথ পুকুরের ভেতর দিয়ে নির্মাণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনাহীন কাজ উন্নয়নের মান নষ্ট করে।
দীর্ঘসূত্রিতা এড়িয়ে দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, নেত্রকোনার উন্নয়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মো. মাছুম মোস্তফা।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এটিই ছিল ব্যারিস্টার কায়সার কামালের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
আপনার মতামত লিখুন :