
কেন্দুয়ায় র্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেফতার
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যান, কয়েকটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাকসুদ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে অভিযান চালায়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জব্দকৃত মালামালসহ কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-
ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪৫)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন নেতা বলে জানা গেছে।
অন্য দু’জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মোঃ লিটন (২২)।
ওসি মোঃ মেহেদী মাকসুদ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :