
শেরপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে জামায়াতের উপজেলা সেক্রেটারি নিহত
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
শেরপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি জানান, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পথেই তিনি মারা যান।
এর আগে বুধবার বিকেল ৩টার দিকে শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ার বসানো নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অনুষ্ঠানটি ভেঙে যায় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে আবারও জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হস্তক্ষেপ করেন। তবু এ দফার সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন।
আহতদের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বর্তমানে ঝিনাইগাতি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :