• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনায় একসঙ্গে দুই স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় একসঙ্গে দুই স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রাম থেকে একযোগে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রী বান্ধবীর কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকালে নিখোঁজ হওয়ার পর প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
নিখোঁজ দুই কিশোরীর একজনের বয়স ১৪ বছর এবং অপরজনের বয়স ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে।
নিখোঁজের সময় উভয়েই কালো বোরকা পরিহিত ছিল। এর মধ্যে নাদিয়া রহমান কালো বোরকার ওপর পিংক রঙের ব্লেজার পরেছিল। অপর স্কুলছাত্রী স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরিহিত ছিল এবং তার কাছে একটি স্কুল ব্যাগ ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই স্কুলছাত্রীর কারও কাছেই মোবাইল ফোন ছিল না। ফলে তাদের সঙ্গে যোগাযোগ বা প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০ ও ৪২) দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পর্যাপ্ত প্রযুক্তিগত তথ্যের অভাবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না।
দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না পাওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাগড়া গ্রাম। নিখোঁজ দুই স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর