

নেত্রকোনায় বাল্যবিবাহকে ‘না’-স্বপ্ন সারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও”-এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন সারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান–২০২৫।
আজ জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্বপ্ন সারথী কর্মসূচি তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে। আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে এই প্রজন্মই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক নেত্রকোনা জেলার সমন্বয়ক প্রবাল কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা বিনতে রফিক, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোনা সদর।
এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে ‘স্বপ্ন সারথী’ একটি যুগান্তকারী উদ্যোগ।
তারা তরুণ-তরুণীদের আত্মউন্নয়ন, সামাজিক নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
গ্রাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :