• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ জুন, ২০২৫

মায়ের স্ট্রোক, মেয়ের চোখে অকাল অন্ধকার 

অনলাইন ডেস্ক

মায়ের স্ট্রোক, মেয়ের চোখে অকাল অন্ধকার

নেত্রবাংলা অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সারা দেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও রাজধানীর মিরপুরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাড়া দিয়েছে হাজারো হৃদয়কে।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় এইচএসসি পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কিন্তু, এই বিশাল সংখ্যার মধ্যে একজন ছাত্রী রয়ে গেল। পরীক্ষার বাইরে থাকার কারণ- তার জীবনের সবচেয়ে মূল্যবান দায়িত্ব তখন ছিল নিজের অসুস্থ মা।

 

জানা গেছে, মিরপুর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের ওই ছাত্রীর বাবা নেই। মা আজ সকালেই স্ট্রোক করেন। পরিবারে কেউ না থাকায় মেয়েটিকেই নিজের হাতে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেই দায়িত্ব শেষ করে ছুটে আসেন পরীক্ষার হলে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে কয়েক মিনিট দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

 

পরীক্ষা হলে না ঢুকতে পেরে কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল। হাজারো মানুষ শেয়ার করছেন তার কথা, প্রকাশ করছেন ক্ষোভ এবং সমবেদনা।

অনেকে বলছেন—“এমন মানবিক পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় তার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।”

 

সোশ্যাল মিডিয়ায় উঠেছে জোরালো দাবি। “যিনি মাকে বাঁচাতে ছুটেছেন, তার শিক্ষাজীবন যেন থেমে না যায়।”

এই ঘটনার পেছনে প্রশ্ন উঠে এসেছে, কীভাবে এমন বাস্তব সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য জরুরি নীতিমালা প্রণয়ন করা যায়?

 

 

আপনার মতামত কী? এমন পরিস্থিতিতে কী কোনো মানবিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? মন্তব্যে জানান।

আরও পড়ুন