
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন বছরের বড় ঘোষণা বিটিসিএলের
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নতুন বছরে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের মাসিক বিল অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান।
রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিটিসিএল জানায়, প্যাকেজ আপগ্রেডের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ নানা ডিজিটাল সেবা ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে। দেশের চলমান ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
আপগ্রেড হওয়া প্যাকেজগুলোর সংক্ষিপ্ত চিত্র:
৩৯৯ টাকায় ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ এখন ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’
৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’
৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’
৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’
১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’
১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’
১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’
১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’
১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’
বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আপগ্রেডের মাধ্যমে গ্রাহকেরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আপনার মতামত লিখুন :