

নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপিত
নেত্রবাংলা অনলাইন ডেস্ক :
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ অক্টোবর ২০২৫, রোববার নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়।
পরে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাঁদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়।”
একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার (সদর) আসমা বিনতে রফিক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহমেদ।
আপনার মতামত লিখুন :